সিলেটে সভায় বক্তারা

‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি কাজ করছে’

সিলেটে মহানগর বিএনপির প্রস্তুতিসভা। আজ বৃহস্পতিবার বিকেলে
ছবি : সংগৃহীত

জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি কাজ করছে। এটা ঠেকাতেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের ন্যক্কারজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপির নেতৃত্বে সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ।

আজ বৃহস্পতিবার বিকেল চারটায় নগরের ভাতালিয়া এলাকায় আগামী শনিবারের গণমিছিল সফলে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গণমিছিল হবে।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর। সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।

শনিবারের গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।

খন্দকার আবদুল মুক্তাদীর বক্তব্যে বলেন, বিএনপির ঢাকা গণসমাবেশের আগে কেন্দ্রীয় কার্যালয়ে ন্যক্কারজনকভাবে সন্ত্রাসী হামলা ও লুটপাট চালানো হয়েছে। স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যসহ অসংখ্য নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর হিংস্র আচরণ শুরু করেছে।

প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হ‌ুমায়ূন কবির, ফরহাদ চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, হাবিবুর রহমান, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান, সৈয়দ মঈন উদ্দিন প্রমুখ।

এদিকে আজ বিকেলে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে শনিবারের গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী যৌথ বিবৃতিতে গণমিছিল সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অনুরোধ করেন।