
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার দিনের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ নিয়ে কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে ভোট শুরুর দিকেই জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আবদুল ওদুদের সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের সমর্থকেরা পাল্টাপাল্টি স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সকাল ৮টা ৫০ মিনিটে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় নৌকার প্রার্থীর সমর্থকেরা আরও উত্তেজিত হয়ে যান। একপর্যায়ে কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
তবে সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কেন্দ্রের বাইরে রাস্তায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান চলছিল। পরে র্যাব ঘটনাস্থলে এসে ধাওয়া দিয়ে দুই পক্ষকেই কেন্দ্রের সামনে থেকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কেন্দ্রের আশপাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে সাংবাদিকেরা কেন্দ্রের ভেতরে ফিরে এসে একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পান। সকাল সাড়ে ১০টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ককটেলটি উদ্ধারে কাজ শুরু করেন।
এর আগে সংঘর্ষের সময় বিদ্রোহী প্রার্থী সামিউল হক কেন্দ্রে উপস্থিত ছিলেন। নৌকার সমর্থকদের অভিযোগ, সামিউল হকের ইন্ধনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নৌকার প্রার্থীর সমর্থক কাওসার আলী বলেন, তিনি ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তবে তাঁকে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা টেনে বের করে এনেছেন। বিদ্রোহী প্রার্থীর ৩০ থেকে ৩৫ জন সমর্থক তাঁকে বাধা দিয়েছেন বলে দাবি করেন তিনি।
কাওসার আলীর দাবি, প্রার্থী সামিউল হকের উপস্থিতিতে এসব ঘটনা ঘটেছে। একপর্যায়ে সামিউল হকের সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেন। এতে নৌকার প্রার্থীর সমর্থক রবিউল ইসলাম (৪০), শাহাবুল ইসলাম (৪২) ও স্কুলের প্রহরী রাকিবুল আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে শাহাবুল বলেন, তাঁকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন প্রচুর মারধর করেছেন। সামিউল হকের সমর্থক আলমগীর হোসেন এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বলে তিনি দাবি করেন।
কেন্দ্রের পাশেই অভিযুক্ত আলমগীরকে পাওয়া গেল। তিনি বিদ্রোহী প্রার্থী সামিউল হকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁকে বলা হয়েছে, ‘আপেল আপেল (সামিউলের প্রতীক) করলে এখান থেকে বেরিয়ে যাও।’ একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে ভোটারদের সারি থেকে বের করে দেওয়া হয়েছে। এ নিয়েই ঘটনার সূত্রপাত হয়েছে।
কেন্দ্রেই ছিলেন আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক। তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনো কারণ ছাড়াই নৌকার প্রার্থীর সমর্থকেরা আমার সমর্থকদের ওপর চড়াও হয়েছে। আরও দুটি কেন্দ্রে এ রকম বিশৃঙ্খলার খবর পেয়েছি। ভোট গ্রহণের শুরুতেই নৌকার সমর্থকেরা যে রকম অবস্থা তৈরি করেছেন, তাতে প্রশাসনের আরও সতর্ক হওয়া প্রয়োজন।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শহিদুজ্জামান বলেন, কেন্দ্রের ভেতরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখে তিনি ভোটার ছাড়া সবাইকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। এটা প্রার্থীদের মধ্যে দলাদলির ঘটনা। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।
এ আসনে ১৭২ জন প্রিসাইডিং, ১ হাজার ২৪০ জন সহকারী প্রিসাইডিং ও ২ হাজার ৪৮০ জন পোলিং কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্ব পালন করছেন। মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এ আসনে ভোটকেন্দ্র আছে ১৭২টি এবং ভোটকক্ষ ১ হাজার ২৪০টি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগের পর এ আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওদুদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক (আপেল) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কামরুজ্জামান খান (টেলিভিশন)।