জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় হামলা, পথসভায় বাধা, ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে বিদ্রোহী প্রার্থী সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
পৌরসভায় মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শামসুজ্জামান সুরুজ, বিদ্রোহী প্রার্থী হিসেবে মঞ্জুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মাকসুদুল আলম ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম। আগামী ২ নভেম্বর এই পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বেলা একটার দিকে হাজরাবাড়ী এলাকায় বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, ‘আমি জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় নৌকার লোকজন ভোট চাইতে দিচ্ছেন না। আমি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পশ্চিম দিলালের পাড়ায় মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় অংশ নিই। এ সময় হাজরাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামের নেতৃত্বে নৌকার প্রার্থীর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।’
মঞ্জুরুল ইসলাম আরও বলেন, ‘একই সঙ্গে আমার সমর্থক মো. আশানুর, মো. আনন্দ, আনিছ মিয়া, হাসেন আলীসহ ২০ থেকে ২৫ জনকে মারধর করা হয়। কয়েকজনকে রক্তাক্ত ও জখম করা হয়। এ ছাড়া মাইক ও অটোরিকশা ভাঙচুর করা হয়। নৌকার প্রার্থীর সন্ত্রাসী লোকজন প্রতিটি এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন, যাতে আমার পক্ষে কাজ না করেন। তাঁরা এলাকায় এলাকায় সন্ত্রাসী মহড়াও দিচ্ছেন। এতে সাধারণ ভোটারের মধ্যে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। আমাকে ও আমার কর্মীদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন তাঁরা।’
তবে মোমিনুল ইসলাম বলেন, ‘ওই পথসভায় হামলার বিষয়ে আমার কিছুই জানা নেই। ওই সময় আমি নেতা–কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলাম। তাহলে আমার নেতৃত্বে কীভাবে হামলা হলো। ওই প্রার্থী সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করেছেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. শামসুজ্জামানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
হাজরাবাড়ী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ দিলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।