
নাটোরের সিংড়া উপজেলায় পানিতে ডুবে রিমা খাতুন নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিমা ওই গ্রামের রিপন ফকিরের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলা করছিল রিমা। পরিবারের সদস্যদের সবার চোখ ফাঁকি দিয়ে সে বাড়ির পাশে খালে নেমে নিখোঁজ হয়।
দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে স্বজনেরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা দেড়টার দিকে খালের পানিতে রিমার লাশ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পুলিশকে খবর দিয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করেন। পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।