ধর্ষণের পর মাটিচাপা, দুই আসামির যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক তরুণীকে (২৫) দল বেঁধে ধর্ষণের ঘটনায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক আজ বুধবার এই রায় দেন। এর আগে ওই তরুণী ও তাঁর চার বছর বয়সী সন্তানকে হত্যার পর মাটিচাপা দেওয়ার দায়ে এই দুই আসামির একজনের ফাঁসি ও আরেকজনের যাবজ্জীবন সাজা হয়।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে আবুল কাশেম (৫২) ও একই এলাকার মৃত শামছুল হকের ছেলে বাবুল হোসেন (৪২)। রায়ের সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ মার্চ আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার পুরোনো গোরস্থানে মাটিচাপা দেওয়া অজ্ঞাতনামা এক তরুণী ও চার বছর বয়সী একটি শিশুর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। পরে লাশ দুটির ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, ওই তরুণীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। পরে মামলার তদন্ত শেষে ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি পুলিশ জোড়া খুন ও দল বেঁধে ধর্ষণের অভিযোগে আদালতে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়, ওই তরুণী ভবঘুরে ছিলেন। চার বছর বয়সী সন্তানকে নিয়ে তিনি বাড়ি বাড়ি ভিক্ষা করতেন। আসামিরা ওই তরুণীকে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণ করেন। এ নিয়ে ওই তরুণী চিৎকার-চেঁচামেচি করলে আসামিরা তাঁকে ও তাঁর চার বছর বয়সী সন্তানকে হত্যা করে গোরস্থানে পুঁতে রাখেন।

এই মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার সাবেক উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এই হত্যার রহস্য উদ্‌ঘাটন ও দোষীদের বিচার নিশ্চিত করা সহজ ছিল না। একদিকে খুন হওয়া নারী ও শিশুর পরিচয় মেলেনি। অন্যদিকে আসামিরা এলাকায় ক্ষমতাধর। খুন ও ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিতের পরও আসামিদের গ্রেপ্তারে অনেক রাজনৈতিক বাধা ছিল। দীর্ঘ এক দশক পর নির্মম এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় তিনি খুশি।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। এর আগে ওই নারী ও তাঁর চার বছর বয়সী সন্তানকে হত্যার অভিযোগে এক আসামির ফাঁসি ও আরেকজনের যাবজ্জীবন সাজা হয়েছে। আজ ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হলো। আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।