
নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে ছিনতাই হওয়া কিশোর শরীফুল ইসলামের (১২) ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজিত সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ প্রথম আলোকে বলেন, ভ্যানটি উদ্ধারের পর কিশোর শরীফুলসহ তাঁর বাবা বিপ্লব হোসেন আজ রোববার দুপুরে থানায় এসে ছিনতাই হওয়া ভ্যান ও পুলিশের হাতে আটক সুজিতকে শনাক্ত করেছেন। এ ঘটনায় শরীফুলের বাবা থানায় একটি মামলা করেছেন।
ওসি নাসিম আহম্মেদ আরও বলেন, মামলায় সদর উপজেলার হালসা এলাকার কানাই লাল সরকারের ছেলে সুজিত সরকার, তাঁর সহযোগী আলামিন হোসেন এবং অজ্ঞাত আরেকজনকে আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। উদ্ধার করা ভ্যানটি আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল ‘পরিবারের উপার্জনের একমাত্র বাহন হারিয়ে শরীফুলের কান্না যেন থামছেই না’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হৃদয়বান অনেক মানুষ শরীফুলের পরিবারকে ভ্যান কিনে দেওয়াসহ নানাভাবে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।
আটক সুজিতের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী সুজিত তাঁর দুই সহযোগীকে নিয়ে একটি মোটরসাইকেলে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় হাটে অবস্থান করছিলেন। কিশোর শরীফুল ভ্যান নিয়ে যাত্রীর অপেক্ষা করছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে তাঁদের মধ্যে দুজন যাত্রীবেশে কিশোর শরীফুলের ভ্যানে ওঠেন। তাঁরা গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ‘মোজাম্মেলের বাউন্ডারী’ নামক স্থানে নিয়ে যান শরীফুলকে। সুযোগ বুঝে সেখানে শরীফুলকে জোর করে নামিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ভ্যানটি নিয়ে চলে যান দুর্বৃত্তদের দুজন। তাঁদের একজন মোটরসাইকেল নিয়ে ওই ভ্যানের পেছন পেছন যান।
সদর থানার উপপরিদর্শক মকলেছ আলীর ভাষ্য, গুরুদাসপুর-বড়াইগ্রাম থানা অতিক্রম করে ছিনতাই করা ভ্যানটি সদর থানার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার জয়নগর এলাকায় নিয়ে যান দুর্বৃত্তরা। তাঁদের গতিবিধি বুঝতে পেরে মোটরসাইকেলসহ সুজিতকে আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন দেন এলাকাবাসী। এ সময় ছিনতাই হওয়া ভ্যানটি ফেলে পালিয়ে যান সুজিতের দুই সহযোগী। পরে পুলিশ গিয়ে সুজিতকে আটক করে ভ্যানটি থানায় নিয়ে আসে।
ওসি নাসিম আহম্মেদ বলেন, গতকাল দুপুরে কিশোরের ভ্যান ছিনতাই নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর জেলার সব থানা-পুলিশ ভ্যানটি উদ্ধারে তৎপর হয়। ৯৯৯-এর ফোনটি তাঁদের তৎপরতাকে সহজ করে দেয়। হতদরিদ্র পরিবারটির ভ্যান উদ্ধার করতে পেরে পুলিশও খুশি। এখন সুজিতকে জিজ্ঞাসাবাদের পর তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।