যশোরে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

যশোর জেলার মানচিত্র
যশোর জেলার মানচিত্র

যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খানকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর উপশহর এলাকা থেকে তাঁকে তুলে নেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেন। মিজানুর রহমান জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। এবারও চেম্বার নির্বাচনের প্রার্থী হয়েছেন তিনি।

মিজানুর রহমান খান আজ দুপুরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান গাঙচিল গ্রুপের কার্যালয়ে বসে ছিলেন জানিয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, ‘ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে মিজানুর রহমানকে বলে, “আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে।” কী কারণে, কেন, এর কোনো উত্তর দিতে তারা রাজি হয়নি। এভাবেই ডিবি পুলিশের সদস্যরা মিজানুর রহমানকে তুলে নিয়ে যায়। সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাদের মধ্যে চাপ সৃষ্টি করছে, যাতে রাজপথে সরকারের লুটপাট ও জনগণের দাবি নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে।’

এ বিষয়ে পুলিশের বক্তব্য জানার জন্য যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, ডিবি পুলিশের ওসি ও যশোর পুলিশের মুখোপাত্র রূপম কুমার সরকারের দাপ্তরিক নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ ধরেননি।

আট বছর পর যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে দুটি প্যানেল ঘোষণা করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। একটি প্যানেলের নেতৃত্বে আছেন মিজানুর রহমান খান এবং অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবীর। নির্বাচনী প্রচার–প্রচারণার আগমুহূর্তে মিজানুর রহমানকে আটক করায় তাঁর প্যানেলের প্রার্থীদের মনোবল ভেঙে যেতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা যায়, আগামী ৭ জানুয়ারি যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ১৮টি পদের বিপরীতে ইতিমধ্যে ৫৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পর দিন ১৯ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এর মধ্যে প্রার্থী ও বিএনপি নেতা মিজানুর রহমানকে আটক করা হলো।

এ বিষয়ে আজ বিকেল চারটায় মিজানুর রহমানের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়। ব্যবসায়ীদের অনেকে প্রেসক্লাবে যান। সাংবাদিকেরাও উপস্থিত হন। কিন্তু বিকেল পৌনে পাঁচটার দিকে সেই সম্মেলন স্থগিত করা হয়। সংবাদ সম্মেলন স্থগিতের কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি।