
চট্টগ্রামের পটিয়ায় বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ও পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হলেন এস এম আজিজুর রহমান (৩৭)। তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আহমেদুর রহমানের ছেলে। নিহত অপর ব্যক্তি হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সৈয়দ মুরাদের ছেলে পিকআপ ভ্যানের চালক সৈয়দ আলম (৩৩)। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলচালক এস এম বোরহান উদ্দিন (৩০)। তাঁকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে আনসার ক্যাম্পের সামনে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে কক্সবাজারমুখী যাত্রীবাহী এস আর পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই গাড়ির মাঝে থাকা একটি মোটরসাইকেলও সংঘর্ষের মধ্যে পড়ে যায়।
এতে মোটরসাইকেল আরোহী এস এম আজিজুর রহমান ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক সৈয়দ আলমকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক এস এম বোরহান উদ্দিন আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শুভা দাশ প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। একই সময় একজন আহত ব্যক্তিকেও আনা হয়, তবে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কচুয়াই ইউপি সদস্য ও নিহত এস এম আজিজুর রহমানের চাচাতো ভাই মোহাম্মদ ফোরকান বলেন, এস এম আজিজুর রহমান ও এস এম বোরহান উদ্দিন দুজনই ব্যবসায়ী। তাঁরা পটিয়ার কমলমুন্সির হাট এলাকার দিকে গিয়েছিলেন। বোরহান মোটরসাইকেল চালাচ্ছিলেন। আজিজ পেছনে বসেছিলেন।
দুর্ঘটনায় আজিজ ঘটনাস্থলে প্রাণ হারান। বোরহানের অবস্থা এখন ভালোর দিকে।
পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাংশু বিকাশ সরকার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গাড়ি তিনটি থানায় আনা হয়েছে। তবে এস আর পরিবহন গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।