ফরিদপুর রাজেন্দ্র কলেজ

প্রাচীরের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

গত বৃহস্পতিবার সীমানাপ্রাচীরের নির্মাণকাজ শুরু হয়েছিল। গতকাল শনিবার সকাল ১০টায় কাজ বন্ধ করে দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সীমানাপ্রাচীরের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল সকালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শহর শাখায়
 ছবি: প্রথম আলো

ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শহর শাখার সীমানাপ্রাচীরের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের আপত্তির কারণে কাজ বন্ধ রাখেন নির্মাণশ্রমিকেরা। কাজটি বাস্তবায়ন করছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

কলেজশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সীমানাপ্রাচীরের নির্মাণকাজ শুরু হয়। সেই সঙ্গে একটি বড় ফটক ও দুই পাশে দুটি ছোট ফটক করার কথা ছিল। কিন্তু গতকাল সকাল ১০টায় কাজ বন্ধ করে দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এর ফলে কলেজশিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ফরিদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান বলেন, সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার সামনে ফরিদ শাহ সড়কসংলগ্ন একটি সীমানাপ্রাচীর আগে ছিল। ওই জায়গায় নতুন আরেকটি সীমানাপ্রাচীর অনুমোদন হয়ে আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেই প্রাচীরের নির্মাণকাজ শুরু হয় বৃহস্পতিবার। গতকাল শ্রমিকেরা কাজ করতে গেলে অতিরিক্ত জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে জানান, ওই জায়গা নিয়ে বিরোধ আছে, এ জন্য কাজ বন্ধ রাখতে হবে।

কলেজ সূত্রে জানা যায়, একই জায়গায় আগে একটি সীমানাপ্রাচীর ছিল। ২০১৭ সালে একটি রাজনৈতিক মহাসমাবেশ উপলক্ষে সীমানাপ্রাচীরটি ভেঙে ফেলা হয়। পরে তা নির্মাণ করার কথা থাকলেও আর নির্মাণ করা হয়নি।

আরিফুজ্জামান আরও বলেন, ‘যে জায়গায় আগে থেকে সীমানাপ্রাচীর ছিল এবং যার পাশে ফরিদপুর পৌরসভার সড়ক, সেই জায়গা
নিয়ে প্রশাসনের সঙ্গে কী বিরোধ থাকতে পারে, তা আমার বোধগম্য নয়। এতে সংশ্লিষ্ট ঠিকাদার আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। আমাদের পড়তে হচ্ছে ভোগান্তির মধ্যে।’

কাজটি বাস্তবায়ন করছিলেন ঠিকাদার মোহাম্মদ মিঠু। তিনি বলেন, নয়জন শ্রমিক কাজটি করছিলেন। গর্ত খোঁড়ার কাজ চলছিল। ইতিমধ্যে ২৭টি গর্ত খোঁড়া হয়েছে। গতকাল সকাল ৮টায় শ্রমিকেরা কাজ শুরু করেন। কিন্তু সকাল ১০টার দিকে কাজ বন্ধ করে দিতে হয়েছে। অথচ সব শ্রমিককে পুরো দিনের টাকাই দিতে হবে।

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা বলেন, কাজ শুরু করেছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কাজ বন্ধ করেছে তারাই। তিনি বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন, এ কাজ বন্ধ করতে হয়েছে প্রশাসনের চাপে পড়ে। এ ব্যাপারে প্রশাসনের কী সমস্যা, তা আমাদের বোধগম্য নয়।’

অধ্যক্ষ অসীম কুমার সাহা আরও বলেন, ‘মাঠের মালিক কলেজ, খাজনা দেয় কলেজ। সেই কাজ কেন বন্ধ করবে প্রশাসন? আমি নির্বাহী প্রকৌশলীর কাছে এ ব্যাপারে লিখিত প্রতিবেদন চেয়েছি।’

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস বলেন, সরকারি রাজেন্দ্র কলেজসংলগ্ন মাঠটি জেলা প্রশাসনের সম্পত্তি ছিল। আরএস ও এসএ অনুযায়ী এটি জেলা প্রশাসনের। কিন্তু বিএস রেকর্ডে এটি শিক্ষা বিভাগের নামে রেকর্ড হয়। এ রেকর্ড সংশোধনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রথম জজ আদালতে ২৮/২০২১ মামলা চলমান। ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সীমানাপ্রাচীর করা দৃষ্টিকটু, তাই সেটি করতে বাধা দেওয়া হয়েছে।

 কলেজ সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ওই মাঠ ও মাঠসংলগ্ন ভবন সরকারি রাজেন্দ্র কলেজের নামে দিয়ে গেছেন। এ ব্যাপারে সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ভূমি মন্ত্রণালয় ও ফরিদপুরের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।