খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে খুলনা বিএনপি। কয়েক দিন ধরে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করার আহ্বান জানাচ্ছেন দলটির নেতারা। এবার নগরের সদর থানাসহ অন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অপসারণের দাবি করেছেন তাঁরা। দাবি পূরণ না হলে জেলা প্রশাসক ও মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিসহ খুলনা অচলের হুমকি দিয়েছেন নেতারা।
বিএনপির নেতারা মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ভার পুলিশ প্রশাসন মোটেই এড়াতে পারে না। তাঁদের অভিযোগ, মাদক ব্যবসা বন্ধ, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার, খুন, জখম, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়লেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে না। পুলিশের সঙ্গে লিয়াজোঁ করে অপরাধীরা নগরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র বলছে, গত চার মাসে খুলনা জেলা ও মহানগরে ১০টি হত্যাকাণ্ড ঘটেছে। অনেক মানুষ গুরুতর জখম হয়েছেন। এসব ঘটনার পেছনে মাদক বিক্রেতা ও এলাকাভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের কিছু অভিযানও চলছে; কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।
দলীয় সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন এবং ২০ জানুয়ারি রাতে সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদল কর্মী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ছেলে নওফেল ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। সম্প্রতি নগরের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি আমিন মোল্লা এবং ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারকে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যাকারীরা ধরা পড়েনি।
যুবদল নেতা মানিক নিহত হওয়ার আগে থানায় লিখিত অভিযোগ করেছিলেন; কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ৯৯৯–এ ফোন দেওয়ার পর পুলিশ মামলা নেয়। পরে একজনকে আটক করা হলেও অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া না হলে মানিক হত্যাকাণ্ড ঘটত না বলে মনে করেন বিএনপির নেতারা।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম (মনা) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ভার পুলিশ প্রশাসন মোটেই এড়াতে পারে না। আওয়ামী লীগের সময় পুলিশ বাড়ির গ্রিল কেটে তাঁদের গ্রেপ্তার করতে যেত। তাঁরা খুলনা শহরে কার্যালয় পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় মামলা করেছেন; কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না।
মহানগরের সদস্যসচিব শফিকুল আলম (তুহিন) বলেন, পুলিশের এখনো অনেকে স্বপ্ন দেখেন, শেখ হাসিনা ফিরে আসবেন। ৫ আগস্টের পর খুলনার পুলিশ ভীতসন্ত্রস্ত ছিল। তাঁদের কাছে সহযোগিতা চেয়েছিল। ৫ আগস্টের পর ২১ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা মানিকের বাড়িতে হামলা হয়েছিল। নেতা-কর্মীরা থানায় মামলা দিতে গেলে সদর থানার ওসি মামলা নেননি। তিনি বলেন, ‘আমরা বারবার পুলিশকে খুলনার আইনশৃঙ্খলার বিষয়ে বলছি; কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আমাদের দায়ের করা মামলায় আসামিরা গ্রেপ্তার হচ্ছে না।’
এর আগেও গত ২৭ ডিসেম্বর খুলনা বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বিএনপির নেতারা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার ও অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহা. আহসান হাবীবের মুঠোফোনে কল দিলেও তাঁরা ধরেননি। তবে গত রোববার মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের মনোবল ও কর্মোদ্দীপনা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলমান বিভিন্ন কার্যক্রমের বাইরে কেএমপি আরও কিছু পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে নগরবাসীর নিরাপত্তা-সচেতনতা বাড়াতে ‘অ্যাওয়ারনেস কার্ড’ তৈরি করা হয়েছে। বিভিন্ন শ্রেণির নাগরিকের সঙ্গে মতবিনিময় করে কার্ডগুলো বিতরণ করা হবে। এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হচ্ছে।