সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে অতিথিরা। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে অতিথিরা। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন

‘দেশের স্থিতিশীলতার জন্য রাজনৈতিক আলোচনা বর্তমানে বেশি প্রয়োজন’

স্বাধীনতার পর বাংলাদেশে অনেক আইন হয়েছে, কিন্তু সেগুলোর খুব কমই প্রয়োগ করা হয়েছে। আইনের বাস্তবায়নের জন্য আইন নিয়ে গবেষণা ও বিশ্লেষণ প্রয়োজন। কিন্তু এটাও কম হয়ে থাকে। এখন যে সংস্কারের কথা হচ্ছে, এটার কতটুকু বাস্তবায়ন হবে, তা নিয়েও বিশ্লেষণ প্রয়োজন। আজ শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তারা এ কথা বলেন।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বর্তমান অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন রাজনৈতিক, সামাজিক ও বিশ্বায়নের প্রেক্ষাপটগুলোর দ্রুতই পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এখন বিশ্বায়নের দিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে বিশেষ বিষয়গুলোয় নজর দিতে হবে। বর্তমানে পৃথিবীব্যাপী অভিবাসন বেড়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের দিকটিতে আলোকপাত করা জরুরি। তাই দেশের স্থিতিশীলতার জন্য রাজনৈতিক আলোচনা বর্তমানে বেশি প্রয়োজন।’

সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান

সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান। তিনি ‘বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে অনেক আইন হয়েছে, কিন্তু সেগুলোর খুব কমই প্রয়োগ করা হয়েছে। অনেক অগণতান্ত্রিক কাজ হয়েছে এবং হচ্ছে। কারণ, এখানে আমাদের দেশে রাজনৈতিক চর্চা নেই। বর্তমান রাজনৈতিক চর্চার পরিবর্তন প্রয়োজন। এ জন্য ইস্যুভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ ও আলাপ দরকার।’

সম্মেলনে সভাপতিত্ব করেন শাবিপ্রবি উপাচার্য এ এম সরোয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘রাজনীতি সমাজ ও উন্নয়ন অধ্যয়নের সব কটি বিষয়ের সঙ্গে জড়িত। এসব দিকের পরিবর্তনের জন্য রাজনৈতিক আলাপ প্রয়োজন। আশা করি এই সম্মেলন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অধিবেশনে বিশেষ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ইয়াং হুই, যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ও বাংলাদেশের গুম কমিশনের সদস্য নাবিলা ইদরিস, ইতালির স্কোলা নরমালে বিশ্ববিদ্যালয়ের রোমানে কাওকি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আয়োজক আহ্বায়ক দিলার রহমান এবং সদস্যসচিব জায়েদা শারমিন। উদ্বোধনী অধিবেশনে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান সৈয়দ আশরাফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন আয়োজক কমিটির সহ–আহ্বায়ক অধ্যাপক মো. নজরুল ইসলাম। এতে সূচনা বক্তব্য দেন আয়োজক কমিটির যুগ্ম সদস্যসচিব মো. সাহাবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠার পর বিভিন্ন কার্যক্রম ও সফলতা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী সম্মেলনের দুটি প্ল্যানারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি আটটি দেশের গবেষকেরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে বর্তমান বিশ্বব্যবস্থার পাশাপাশি দেশের বিভিন্ন প্রেক্ষাপটের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জানার সুযোগ রয়েছে।

আয়োজকেরা বলেন, এই সম্মেলনে দেশ-বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী, চিন্তক, বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকেরা একে অপরের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা, গবেষণা ও ধারণা শেয়ার করবেন। এর মাধ্যমে গবেষকেরা বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কারপ্রক্রিয়া ও বিভিন্ন পলিসি সুপারিশ করবেন। সরকার ও উন্নয়ন সংস্থার জন্য বাস্তবসম্মত পরামর্শও দেবেন তাঁরা।