জামিনে মুক্তির পর গাড়িতে করে কারাগার থেকে বের হয়ে যাচ্ছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে
জামিনে মুক্তির পর গাড়িতে করে কারাগার থেকে বের হয়ে যাচ্ছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত শিরীন শারমিন চৌধুরী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার প্রথম আলোকে শিরীন শারমিন চৌধুরীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার ঢাকার আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

এর আগে আজ রোববার গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত।

গত মঙ্গলবার এ মামলায় শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

শিরীন শারমিন চৌধুরীকে গত মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার প্রথম আলোকে বলেন, শিরীন শারমিন চৌধুরীর জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তা যাচাই–বাছাই করা হয়। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়।