
ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় যোগ দিয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ মিয়া চান (৫৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাউতুলি স্টেডিয়াম মার্কেটের সামনে মিছিলে তিনি মারা যান।
মিয়া চান জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে। তিনি চরইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। ইউনিয়ন বিএনপির তিনবারের সভাপতি ছিলেন তিনি।
দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন পদযাত্রার আয়োজন করে। পদযাত্রায় যোগ দিতে সকাল ১০টা থেকে নেতা-কর্মীরা জেলার বিভিন্ন স্থান থেকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় জড়ো হন। জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও উপজেলা যুবদলের সদস্যসচিব লিটন মুন্সির নেতৃত্বে নেতা-কর্মীরা পদযাত্রায় যোগ দিতে নৌকায় করে তিতাস নদীর কাউতলী নৌকাঘাটে নামেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা দক্ষিণ মৌড়াইলের উদ্দেশে রওনা হন। মিছিলটি শহরের কাউতলী এলাকার স্টেডিয়াম মার্কেটে পৌঁছালে মিছিলে থাকা বিএনপি নেতা মিয়া চান অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিয়া চানের ভাতিজা মো. মাহাবুব বলেন, ‘বিএনপির মিছিলে গিয়ে চাচা হঠাৎ পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চাচা স্ট্রোক করেছেন বলে চিকিৎসক জানিয়েছেন।’
জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা বলেন, মিয়া চান তৃণমূল বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি তিনবার ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। মিয়া চান রাজপথে মৃত্যুবরণ করেছেন।