পুনরায় সম্মেলন দাবি

চাঁদপুরে বিএনপির মহাসচিবসহ সাতজনকে বিবাদী করে মামলা

চাঁদপুর জেলার মানচিত্র
চাঁদপুর জেলার মানচিত্র

চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন ঘোষণার আদেশ চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাতজনকে বিবাদী করে আদালতে মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার চাঁদপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে জেলা ছাত্রদলের সাবেক নেতা রাফিউস সাহাদাত ওরফে ওয়াসিম পাটোয়ারী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিবাদীরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. সাইদুল হক, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ ওরফে মানিক, সাধারণ সম্পাদক মো. সলিমুল্লাহ সেলিম ও সম্মেলনের নির্বাচন কমিশনার মো. শামছুল ইসলাম।

রাফিউস সাহাদাত ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। মামলায় তিনি গত ২ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার নানুপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন ঘোষণার আদেশ চান। একই সঙ্গে সম্মেলনের নির্বাচন কমিশনার মো. শামছুল ইসলাম ঘোষিত ফলাফল বাতিলসহ সম্মেলনের বিজয়ী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ ওরফে মানিক ও সাধারণ সম্পাদক মো. সলিমুল্লাহ সেলিমের সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চান।

বাদীপক্ষের আইনজীবী সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, মামলার বাদীর মৌখিক বক্তব্যের আলোকে অভিযোগগুলো লিপিবদ্ধ করা হয়েছে। তাঁর দাবি, ২ এপ্রিলের নির্বাচনে ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর ছিলেন। এর মধ্যে ৯৮২ জন ভোট দিতে পারলেও বাকিদের সুযোগ দেওয়া হয়নি। এ জন্য তিনি পুরো সম্মেলনের ফলাফল বাতিলের আদেশ চেয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সলিমুল্লাহ সেলিম বলেন, যিনি বাদী হয়ে মামলাটি করেছেন, তিনি কোনো কাউন্সিলর বা বিএনপির কোনো নেতা নন। তারপরও তাঁরা আইনগতভাবে মামলাটি মোকাবিলা করবেন। বর্তমানে মামলাটি আদালতের আদেশের জন্য রয়েছে। পরবর্তী শুনানি আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।