
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা গীতা রানী পালকে (৭২) কারা কী কারণে খুন করেছে, সেই রহস্য ছয় মাসেও উদ্ঘাটন করা যায়নি। পুলিশ শুধু এটুকু বলেছে যে তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এদিকে মামলার তদন্তে কোনো অগ্রগতি না থাকায় বিচারের আশা ছেড়ে দিয়েছে গীতার পরিবার। ঘটনার পর এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্দেভাজন দুজনকে গ্রেপ্তার করে কারাগারেও পাঠানো হয়। পরে অবশ্য তাঁরা আদালত থেকে জামিন পান।
তদন্তে কূলকিনারা না হওয়ায় মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তরের জন্য গত মার্চ মাসে আবেদন করেন মামলার বাদী বিপ্লব বিহারি পাল।
পিবিআই বলছে, এ খুনের রহস্য উদ্ঘাটনে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। নানা দিক পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো হত্যাকাণ্ডের মোটিভ জানা সম্ভব হয়নি।
গীতা রানী পাল ও তাঁর স্বামী দীনেশ চন্দ্র পাল উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের বাড়িতে থাকতেন। গত ৮ ফেব্রুয়ারি দুপুরে ঘরের একটি কক্ষে গীতা রানী ও সামনের কক্ষে তাঁর স্বামী ঘুমিয়ে ছিলেন।
বিকেলে স্ত্রীকে জাগাতে গিয়ে মৃত অবস্থায় দেখেন দীনেশ। দুর্বৃত্তরা তাঁকে বালিশচাপা দিয়ে হত্যা করে প্রায় দেড় লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। ওই সময় ভবনের একটি দরজা খোলা ছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
এ ঘটনার পরদিন গীতা রানী পালের ছেলে বিপ্লব বিহারি পাল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা করেন। এর এক সপ্তাহ পর ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হাতে পৌঁছায়। এতে বলা হয়েছে, গীতা রানীর নাকে–মুখে কোনো কিছু চেপে ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মামলার বাদী বিপ্লব বিহারি পাল বলেন, বিচার দূরে থাক, ছয় মাস ধরে খুনের রহস্যই অজানা। দিনদুপুরে বাসায় ঢুকে একজন মানুষকে খুন করে পালিয়ে গেল। অথচ ঘটনার পরও পুলিশ অন্ধকারে। এ কারণে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে তিনি আশা করেন, খুব শিগগির খুনের রহস্য উদ্ঘাটিত হবে ও খুনি ধরা পড়বে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নোয়াখালী পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হত্যাকারী ব্যক্তিরা কোনো সূত্র রেখে যায়নি। এলাকার দুজন সন্দেহভাজন ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডিএনএ প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া নানান দিক থেকে সূত্র পাওয়ার চেষ্টা চলছে।