গত কয়েক দিনের শীতের প্রকোপে চট্টগ্রাম নগর ও বিভাগের বিভিন্ন জেলায় সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। বিভাগের বিভিন্ন স্থান থেকে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে রোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভিড় করছে।
চট্টগ্রাম নগরের মা ও শিশু হাসপাতালে এখন শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি আছে। ভর্তি রোগীদের ৪০ শতাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র দেখা গেছে। এ ছাড়া চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও জ্বর, কাশি-সর্দিজনিত রোগীর ভিড় আছে।
চট্টগ্রাম নগরের সদরঘাট বাংলাবাজার এলাকার বাসিন্দা পপি আকতার তাঁর ৫ মাস বয়সী শিশু রাহিলকে নিয়ে গত বৃহস্পতিবার আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিন দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছে সে। এই হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে শয্যা আছে ২২৫টি। এর বাইরে কিছু কেবিন আছে। গতকাল শুক্রবার পর্যন্ত এ হাসপাতালে মোট রোগী ছিল ২৬০ জন। এর মধ্যে ঠান্ডাজনিত ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগী প্রায় ৪০ শতাংশ।
মা ও শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম রেজা বলেন, কিছু ডায়রিয়া রোগী বেড়েছে। এ ছাড়া শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগেও আক্রান্ত হচ্ছে শিশুরা। ঠান্ডা বাড়ার পর থেকে এ ধরনের রোগী আসছে। তবে এখন তুলনামূলক কম। মাসখানেক আগে রোগী আরও বেশি ছিল। শিশুদের ঠান্ডা লাগানো যাবে না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে শয্যা রয়েছে ৯৫টি। এর মধ্যে গতকাল রোগী ছিল ২৩৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৪ জন রোগী ভর্তি হয়। তার মধ্যে ঠান্ডাজনিত রোগে ১২ জন এবং ডায়রিয়া আক্রান্ত ১২ জন ভর্তি হয়। সরেজমিনে দেখা যায়, শয্যাসংকটের কারণে এক শয্যায় দুই শিশুকে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান মো. রেজাউল করিম বলেন, মাসখানেক আগে প্রায় ৪০০ রোগী ছিল ওয়ার্ডে। এখন কিছুটা কমেছে। ঠান্ডাজনিত এবং ডায়রিয়া রোগী আছে। তবে তা একেবারে বাড়াবাড়ি পর্যায়ের নয়। তবে হঠাৎ করে বেশি ঠান্ডা পড়ার কারণে রোগী কিছুটা বাড়তে পারে।
চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশির ভাগই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির। নগরের বহদ্দারহাট থেকে ভর্তি হওয়া এক শিশুর বাবা মো. শাহাবুদ্দিন বলেন, ‘দুই বছরের বাচ্চাটির কয়েক দিন ধরে জ্বর ও কাশি। পাড়ার দোকান থেকে ওষুধ কিনে খাইয়েছি। কিন্তু কমেনি। তাই এখানে নিয়ে এসেছি।’
চিকিৎসকদের মতে, হঠাৎ করে ঠান্ডা পড়ার কারণে এবং অনেকে গরম কাপড়ে ঘেমে যাওয়ায় জ্বর-সর্দির প্রকোপ বেড়েছে। শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় শিশুদের বুকের দুধ এবং স্বাভাবিক খাবার খাওয়ানোর পরামর্শ দেন তাঁরা। বেশি গরম কাপড় দিয়ে মুড়িয়ে না রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে ঠান্ডা যাতে না লাগে, সেদিকে খেয়াল রাখতে বলেন।
এদিকে প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি জানান, সোনাগাজীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডেও শয্যার চেয়ে অনেক বেশি রোগী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। গতকাল শিশু বিভাগে ৬টি শয্যার বিপরীতে ভর্তি ছিল ৩৩ শিশু। এসব শিশু জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবন্ধন বইয়ের তথ্যে দেখা গেছে, চলতি মাসের ৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় ৭০ জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা ছিল ৭৫।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও শিশুবিশেষজ্ঞ মো. আরমান বিন আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ঋতু পরিবর্তনের কারণে কুয়াশা ও শীত বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এমন পরিস্থিতিতে শিশুদের শুষ্ক স্থানে সাবধানে এবং ঠান্ডা পানি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।