
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা বাস্তবায়নের দাবি ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে পুলিশি বাধার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেংরা রোড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন তাঁরা। নেতা-কর্মীরা শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তা মোড় এলাকায় জড়ো হন। বিক্ষোভ মিছিল নিয়ে মাওনা-শ্রীপুর সড়ক হয়ে শ্রীপুর পৌর শহরের দিকে যেতে চেষ্টা করেন। এ সময় টেংরা রাস্তার মোড় থেকে মিছিল নিয়ে বের হতে দেয়নি পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
মিছিলে বাধার বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, মূল সড়কে যাতে মানুষের ভোগান্তি না হয়, সে জন্য তাদের মূল সড়কে উঠতে নিষেধ করা হয়েছে, এটুকুই।
উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।