নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার পর বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমকে সহায়তা দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। ছবিটি সম্প্রতি তোলা
নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার পর বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমকে সহায়তা দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। ছবিটি সম্প্রতি তোলা

রায়পুরায় রেলস্টেশনে হামলা–লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম মারা গেছেন

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা–লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম (৭০) মারা গেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ববি বেগমের মৃত্যু হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম এবং মেথিকান্দা রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমকে মারধর করে। তাঁর দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নিয়ে যায় তারা।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হামলা–লুটে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ববি বেগমের পাশে দাঁড়ায়।

স্টেশন সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে নেমে মেথিকান্দা স্টেশনেই থেকে যান ববি বেগম। স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ ছিল তাঁর আশ্রয়। তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাঁকে খাবার, অর্থসহায়তা দিতেন। সেই অর্থের বেশির ভাগই তিনি জমিয়ে রাখতেন। সেই জমানো টাকা লুট করার জন্যই তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

মেথিকান্দা রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিম বলেন, হামলায় ববি বেগম আহত হয়েছিলেন। তাঁর দুই চোখের নিচে, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। এরপর তাঁকে কিছুটা সুস্থ মনে হচ্ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর শরীর ভীষণ কাঁপতে থাকে। দিবাগত রাত ১২টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরে তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে তিনিও (জসিম) ছিলেন। পথে দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিনের আশ্রয় মেথিকান্দা স্টেশন অতিক্রম করার সময়ই তিনি মারা যান।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম বলেন, ববি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন আনা হয়েছিল, তখন তাঁর শ্বাসকষ্ট ছিল। রক্তচাপ শনাক্ত করা যাচ্ছিল না। স্যালাইন ও অক্সিজেন দেওয়ার পরও তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল না। তখন উন্নত চিকিৎসার জন্য তাঁকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিছুক্ষণ পর তাঁকে মৃত অবস্থায় ফিরিয়ে আনা হয়।

আজ বুধবার সকালে ববি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। তিনি বলেন, ববি বেগমের ওপর হামলা–লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ববি বেগমের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। তিনি বলেন, হামলার পর প্রশাসন ববি বেগমের চিকিৎসাসহ সার্বিক দেখভালের দায়িত্ব নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।