ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ বুধবার সকালে শহরের স্টেশন রোড এলাকায় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫ থেকে ২০ জন তরুণ মুখে মাস্ক পরে মিছিলটিতে অংশ নেন। আজ দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানার নিয়ে একদল তরুণ মিছিল করছেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্ম গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া তরুণেরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

মিছিল সম্পর্কে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, মিছিলের বিষয়ে পুলিশ জানে। যাঁরা মিছিলে উপস্থিত ছিলেন, তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।