
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর বউবাজার এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন রংপুরের পীরগাছা উপজেলার মনতাজ মিয়ার ছেলে মো. হারুন (৪০)। অন্যজন জামালপুর জেলার ইসলামপুর থানার কিতাব আলীর ছেলে মো. লিটন (১৬)। টঙ্গীর বউবাজার এলাকার স্বপনের গ্যারেজের রিকশা ভাড়ায় চালাতেন তাঁরা। হারুন থাকতেন গ্যারেজে। লিটন পরিবারের সঙ্গে থাকত একই এলাকার গাজীবাড়ি এলাকায়।
পুলিশ ও মৃত দুজনের পরিবার সূত্রে জানা যায়, স্বপনের গ্যারেজটি টঙ্গীর বউবাজার রেলসেতু এলাকায়। প্রতিদিন মতো রিকশা চালানো শেষে গতকাল বুধবার রাতে লিটন তার রিকশাটি গ্যারেজে চার্জে বসিয়ে বাসায় চলে যায়। আর হারুন গ্যারেজেই রিকশার ওপর ঘুমাচ্ছিলেন। এর মধ্যে ভোর সাড়ে পাঁচটার দিকে রিকশা বের করতে আসে লিটন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও দুজনের কেউ গ্যারেজ থেকে বের হননি। এরপর সকালে গ্যারেজের অন্য চালকেরা এসে দেখেন, দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন। ওই দুজনকে উদ্ধার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ওই দুজন ছাড়া আর কেউ ছিলেন না। ঘটনাটি কীভাবে ঘটেছে বা কেন ঘটল, তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, একজন রিকশা চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। অন্যজন বাঁচাতে গেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এ ঘটনায় গ্যারেজের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।