যশোরে ইরফান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিহত ইরফান ফারাজী
ছবি: সংগৃহীত

যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ডিপ্লোমা প্রকৌশলী ইরফান ফারাজীকে (২৬) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।

স্থানীয় কাউন্সিলর রাজিবুল আলমের নেতৃত্বে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের কয়েক শ মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইরফান ফারাজী এলাকায় ভদ্র ছেলে হিসেবে পরিচিত। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে পুলিশ। অথচ হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পুলিশ সুপারের কাছে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আসামিরা এখনো আটক হয়নি। মামলা হয়েছে। তদন্ত চলছে।

দোকানে এসে চিপস ক্রয়ের কথা বলে ইরফানকে বুকের বাঁ পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।
ইরফান ফারাজী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। আজ সোমবার দুপুরে যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে

পরিবার সূত্রে জানা গেছে, ২২ ডিসেম্বর বিকেলে শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় ছুরিকাঘাত করে ইরফান ফারাজীকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ইরফান ফারাজী শহরের কারবালা ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলাম ফারাজীর ছেলে। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা পাস করে চাকরিপ্রত্যাশী ছিলেন। চাকরি না পেয়ে ‘ফারাজী স্টোর’ নামে পারিবারিক মুদিদোকান দেখভাল করছিলেন তিনি। প্রতিদিনের মতো ঘটনার দিন বিকেলে ইরফান দোকানে বসেছিলেন। বিকেল পৌনে চারটার দিকে অজ্ঞাতনামা চার-পাঁচজন দোকানে এসে চিপস ক্রয়ের কথা বলেন। ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ালে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর বুকের বাঁ পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে ওই দুর্বৃত্তরা চাকু হাতে নিয়ে উত্তর দিকে কারবালা কবরস্থানের পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এই ঘটনায় ইরফান ফারাজীর ভাই ইমরান ফারাজী অজ্ঞাতনামা আসামি করে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।