চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল। আজ সকালে ক্যাম্পাসের কাটা পাহাড় সড়কে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল। আজ সকালে ক্যাম্পাসের কাটা পাহাড় সড়কে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেলে ছাত্রলীগের ‘শোডাউন’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেলে শোডাউন করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। আজ সোমবার সকালে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা, ভিডিওটি আজ ভোরে ধারণ করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩ মিনিট ৪ সেকেন্ডের। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় সাত থেকে আটটি মোটরসাইকেল নিয়ে মিছিল করছেন ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় তাঁরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে ভিডিওতে আশপাশে তেমন কোনো মানুষের উপস্থিতি দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে ভোরে এ ঘটনা ঘটেছে।

ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। তবে এটি কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি এখনো যাচাই করা হয়নি। আমরা ঘটনাটি খতিয়ে দেখব।’

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকার যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তাই তাদের এমন কার্যক্রম আইনগতভাবে সিদ্ধ নয়। তাদের এমন কার্যক্রমের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা ইতিমধ্যে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনকে অবগত করেছি।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘বিষয়টি আজ সকালেই আমাদের নজরে এসেছে। আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রলীগ তো অবশ্যই নিষিদ্ধ সংগঠন। যে শোডাউনের নেতৃত্ব দিয়েছে, তার সম্পূর্ণ পরিচয় আমাদের কাছে রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেব।’