বিদ্যুতের খুঁটিতে দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায়
বিদ্যুতের খুঁটিতে দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায়

সড়কে সিসি ক্যামেরা বসিয়ে মাদকের কারবার, অভিযান টের পেয়ে পালালেন

পাকা সড়কের এক পাশে একটি বিদ্যুতের খুঁটিতে দুটি সিসি ক্যামেরা লাগানো। এর মনিটর বসানো প্রায় ৩০ মিটার দূরে গলির ভেতরের একটি আধাপাকা বাড়িতে। সেই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গতিবিধি নজরে রাখতেই ক্যামেরা দুটি বসানো হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায় সোহেল রানার (৩২) বাড়িতে এই অভিযান চালায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ সার্কেল) একটি দল। অভিযানে ৩০০টি ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। সোহেল সড়কের ক্যামেরার মাধ্যমে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় সোহেলের স্ত্রী স্মৃতি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোহেল রানার ব্যক্তিগত গাড়ি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমারখালীর যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায়

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সোহেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেল রানা নিজেকে একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তাঁর ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ওই পত্রিকার স্টিকার লাগানো থাকে। বাড়ির একটি কক্ষে পত্রিকাটির আঞ্চলিক কার্যালয়ও খোলা হয়েছে। এ পরিচয়ের আড়ালে তিনি এলাকায় মাদকের ব্যবসা করতেন।

পুলিশ জানায়, মাদক ব্যবসার অভিযোগে সোহেল আগেও কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন। জামিনে বা মুক্তি পেয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়েন। একসময় তিনি কাঠ চেরাই কলে শ্রমিকের কাজ করতেন। পরে মাদক ব্যবসায় যুক্ত হন। ২০১৯ সালে শর্ত সাপেক্ষে সাধারণ ক্ষমার আওতায় কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীর সঙ্গে সোহেলকেও ক্ষমা করা হয়েছিল।

পুলিশের ভাষ্য, সুযোগ পেয়েও সোহেল মাদক ব্যবসা ছাড়েননি। বরং সাংবাদিকতার পরিচয় নিয়ে বাড়িতে ও সড়কে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ব্যবসা চালিয়ে গেছেন। কুমারখালী থানায় তাঁর বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে।

সোহেলের স্ত্রী স্মৃতি খাতুনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে আগের আটটি মামলার পাশাপাশি এবার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে স্মৃতি খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল পলাতক। ওসি আরও বলেন, সড়কে সিসিটিভি ক্যামেরা থাকায় অভিযানের আগেই সোহেল টের পেয়ে পালিয়ে যান।