ধর্ষণের মামলায় বরগুনা থেকে পুঠিয়া পৌরসভার মেয়র গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

ধর্ষণের অভিযোগে করা মামলায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানকে বরগুনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পৌরসভার ডিকেপি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার রাতে এক তরুণী (২৪) বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মেয়র মামুনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করেন। মামলার পর থেকে মামুন পলাতক ছিলেন। তিনি পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের আলী হোসেনের ছেলে।

থানা-পুলিশ ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী বছরখানেক আগে পুঠিয়া পৌরসভায় একটি চাকরির জন্য মেয়র মামুনের কাছে যান। এ সময় তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে বিয়ে ও চাকরির আশ্বাসে তাঁকে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ছাড়া মেয়রের ডাকে সাড়া না দিলে তাঁকে চাকরি দেবেন না, বিয়েও করবেন না বলে জানিয়ে দেন তিনি। এ সময় ভুক্তভোগী নারী মেয়রের অপকর্ম ফাঁস করে দেবেন জানালে মেয়র তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। বাধ্য হয়ে ওই তরুণী আইনের আশ্রয় নিয়েছেন।

বরগুনা সদর থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পুঠিয়া থানা–পুলিশের পক্ষ থেকে তথ্য দিয়ে জানানো হয়, মেয়র মামুন বরগুনা পৌরসভার ডিকেপি এলাকায় অবস্থান করছেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে মেয়রের গাড়িচালকের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার পরিদর্শক আলী আহমেদ প্রথম আলোকে বলেন, পুঠিয়া থানা–পুলিশের তথ্য অনুযায়ী বরগুনা পৌরসভার ডিকেপি এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।