একই বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধারের পর বাড়িতে মানুষের ভিড়। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে
একই বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধারের পর বাড়িতে মানুষের ভিড়। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে

বারান্দায় একজনের লাশ, ঘরের ভেতরে আরও দুজনের

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে মা-নানিসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), আহাদের মা মনিরা বেগম (৬০) ও নানি রাশিদা বেগম (৯৩)। তাঁদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে ও শরীরে পচন ধরেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশীরা মঙ্গলবার দুপুরে ওই বাড়ির বারান্দায় এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে গিয়ে আরও দুজনের লাশ দেখতে পায়।

স্থানীয়দের বরাতে কচুয়া থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, মূল রাস্তা থেকে বাড়িটা একটু ভেতরে। সেখানে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি দেরিতে নজরে এসেছে।

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে জানিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।