সিলেটের মানুষ দিনভর ভোগান্তি পোহানোর পরে রাতে পরিবহনশ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন সমন্বয় পরিষদের সভাপতি ময়নুল ইসলাম। এর আগে পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন পরিবহন শ্রমিকনেতারা।
সিলেট জেলা সড়ক পরিবহন সমন্বয় পরিষদের সভাপতি ময়নুল ইসলাম বলেন, প্রশাসনের কর্মকর্তারা দাবি পূরণের আশ্বাস দেওয়ায় সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করেছেন শ্রমিকরা। তিনি প্রথম আলোকে আরও বলেন, ‘আমাদের দাবি পূরণের আশ্বাসে ১৫ অক্টোবর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। সামনে এসএসসি পরীক্ষা, দুর্গাপূজা থাকায় আমরা আপাতত এমন সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়ে পাঁচ দফা দাবি ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।’ এর মধ্যে বুধবার থেকে মামলা দেওয়ার হার কমিয়ে দেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।
আজকের বৈঠকে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোশাররফ হোসেন, পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পরিবহনশ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হচ্ছে সিলেট মহানগর পুলিশের কমিশনার ও উপকমিশনারকে (ট্রাফিক) অপসারণ ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ, রেকার-বাণিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব খাটানো শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম ওরফে রোমেনকে প্রত্যাহার করা, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার, নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রীত গাড়ির নিবন্ধ দেওয়া।
এই পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে সিলেট নগরসহ শহরতলির বিভিন্ন এলাকার সড়কে পরিবহনশ্রমিকেরা যানবাহন আটকে রাখেন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে রাত আটটায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সিলেট সার্কিট হাউসে বৈঠকে বসেন পরিবহন শ্রমিকনেতারা। রাত ১০টায় ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।