
ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার সকাল ছয়টার দিকে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা গ্রামের এরশাদ আলীর স্ত্রী আকলিমা আক্তার (৩৮) ও চৌহাট ইউনিয়নের দেউলি গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী সুরাইয়া বেগম (৩০)। তাঁরা দুজনেই ধামরাইয়ের কালামপুর ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকস কারখানার শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ও ধামরাইয়ের বিভিন্ন স্থান থেকে শ্রমিক নিয়ে বাসটি কালামপুরে প্রতীক সিরামিকস কারাখানার দিকে যাচ্ছিল। সকাল ছয়টার দিকে সড়কের ধামরাইয়ের খাগুরতা এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আকলিমা ও সুরাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ছাড়া এ ঘটনায় আহত ১৫ জন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।
ধামরাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। ওই বাসে আনুমানিক ৪৫ জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার পর বাসের সামনের দিকের তিনজন আটকা পড়েছিলেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সুরাইয়া ও আকলিমা নামের দুই শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।