এ মেলা সম্প্রীতির মেলবন্ধন হয়ে উঠেছে। মেলাকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে উৎসব শুরু হয়। মেয়েরা তাঁদের বাবার বাড়িতে নাইয়রে আসেন।

কারও হাতে খেলনা, কারও হাতে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র। তরুণীরা কিনেছেন তাঁদের পছন্দের গয়না, কেউবা বাড়ির জন্য নিয়ে ফিরছেন মুখরোচক বিভিন্ন খাবার। সবার মধ্যে উৎসবের আমেজ। আর এ আমেজ মুন্সিগঞ্জের ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দশমী মেলাকে কেন্দ্র করে। বছরের এ সময়টায় মাসব্যাপী চলে এ দশমী মেলা। আয়োজকদের দাবি, এবার নিয়ে ২১২তমবারের মতো আয়োজন করা হয়েছে এ মেলার।
মুন্সিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় মেলাটি শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর। মেলাকে কেন্দ্র করে ধর্ম–বর্ণ নির্বিশেষে সব বয়সের মানুষ উৎসব-আনন্দে মেতে উঠেছেন। আয়োজক ও পৌরসভা সুত্রে জানা যায়, নদীবেষ্টিত মুন্সিগঞ্জ জেলায় একসময় সাপের খুব উপদ্রব ছিল। তাই মনসা পূজা জনপ্রিয় হয়ে ওঠে এ অঞ্চলের হিন্দুধর্মের অনুসারীদের কাছে। সে পূজাকে কেন্দ্র করে বসত দশমী মেলা। সে সময় শুধু হিন্দু ধর্মের মানুষ এ মেলায় আসতেন। তবে এ মেলা এখন আর কোনো ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। সম্প্রীতির এক মেলবন্ধন হয়ে উঠেছে। আগে নৌকায় করে নদীর কিনারায় বসত এ মেলা। পরে শহরের কৃষি ব্যাংক এলাকা থেকে কালীবাড়ি উত্তর অংশের রাস্তায় বসত। এক দশক ধরে এখন মেলা বসে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে মেলা। তবে বেশি দর্শনার্থী আসেন দুপুরের পর থেকে। গত সোমবার বিকেলে মেলা ঘুরে দেখা যায়, স্টলগুলোতে বিক্রেতাদের সঙ্গে দরদাম করে পছন্দের সামগ্রী কিনছেন দর্শনার্থীরা। শহরের মালপাড়া এলাকার বাসিন্দা গৌতম সাহা বলেন, দশমী মেলা মানেই বড় একটা উৎসব। মেলাকে কেন্দ্র করে বাড়িতে উৎসব শুরু হয়। মেয়েরা তাঁদের বাবার বাড়তি নায়র আসেন। দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজনরা বেড়াতে আসেন।
শুধু মুন্সিগঞ্জ শহর নয়, এ মেলায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী, লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর ও গজারিয়া উপজেলার অনেক দর্শনার্থী আসেন। এ ছাড়া পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ থেকেও আসেন অনেকে। কথা হয় টঙ্গিবাড়ী থেকে দুই সন্তানকে নিয়ে আসা রুবিয়া আক্তারের সঙ্গে। মেলায় ঘুরে ঘুরে কিনছিলেন বাচ্চাদের খেলনা। রুবিয়া আক্তার বলেন, ‘৩০ বছর আগে বাবা আমাদের ভাই-বোনদের এ মেলায় নিয়ে আসতেন। আমরাও বছরে এই সময়টায় অপেক্ষায় থাকতাম কবে মেলা আসবে, বাবার সঙ্গে কবে মেলায় যাব। মেলায় এলে পুতুল, মাটির হাঁড়ি কিনতাম। নাগর দোলায় চড়তাম। ফিরে যাওয়ার সময় মজার মজার খাবার কিনে নিয়ে যেতাম। অন্তত পাঁচ থেকে ছয়বার বাবাকে নিয়ে আসতাম। প্রতিবারই ঈদের মতো আনন্দ পেতাম। বাবা নেই, এখন নিজের ২ সন্তানকে নিয়ে ১১ বছর ধরে মেলা আসি। সন্তানরাও খুব খুশি হয়।’
মেলা আয়োজকরা জানান, বাচ্চাদের খেলনা, বড়দের কসমেটিকস, কাপড়, ইমিটেশন, ঘরের জন্য ক্রোকারিজ, ফার্নিচার, সিরামিকের স্টল রয়েছে। এখান থেকে সুলভ মূল্যে দর্শনার্থীরা তাঁদের প্রয়োজনীয় ও পছন্দের পণ্যটি কিনতে পারেন। এ ছাড়া মেলায় নিমকি, মুরলি, পিডি, জিলাপি, লাড্ডু, চটপটি, ফুচকাসহ রয়েছে ২০-২৫ ধরনের মুখরুচক বিভিন্ন খাবারের দোকান। সব বয়সী দর্শনার্থীদের বিনোদনের জন্য ওয়াটার বোট, নাগরদোলা, নৌকাদোলা, হানি সিংসহ ১০ ধরনের রাইড রয়েছে মেলায়। সব মিলিয়ে এবার মেলা ১২৫টির মতো স্টল করা হয়েছে।
মেলায় কসমেটিক আইটেম ও গহনার দোকানগুলোতে দেখা যায় তরুণীদের উপচে পড়া ভিড়। একটি গহনার দোকানে কথা হয় সরকারি হরগঙ্গা কলেজের অনার্স (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাবিজা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘শুনেছিলাম এবার মেলায় খুব সুন্দর গয়নার সেট পাওয়া যাচ্ছে। তাই মেলায় এসেছি কিনতে। গয়নার সেট সুন্দর, কিন্তু বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন। তবে দরদাম করে এক হাজার টাকায় একটি কান ও গলার সেট কিনেছি। আরও কিছু কিনব।’
সবচেয়ে বেশি হই হুল্লোড় দেখা যায় শিশুদের বিনোদনের রাইডগুলোতে। হাসি, চিৎকার, আনন্দ–উল্লাস ছিল রাইডের স্থানে। অনেক শিশু রাইডে চড়ছে, অনেকেই আবার রাইডে ওঠার অপেক্ষা আছে। এ সময় তানভীর হাসান নামে এক শিশু বলে, ‘মুন্সিগঞ্জে আমাদের জন্য কোনো পার্ক, বিনোদনকেন্দ্র নেই। প্রতিবছর অপেক্ষা থাকি কবে মেলা আসবে। মেলা এলেই ওয়াটার বোট, নাগরদোলা, নৌকাদোলা, ঘুরন্ত প্লেন, ট্রেনে উঠতে পারি।’
মেলার আয়োজক কমিটির একজন মো. সেলিম বলেন, মুন্সিগঞ্জের দশমী মেলাটি খুব পুরোনো ও ঐতিহ্যবাহী। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে মেলা শুরু হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা দোকান নিয়ে এসেছেন। ইতিমধ্যে মেলাটি জমজমাট হয়ে উঠেছে।