ফরিদপুরে রেকর্ড রুমের তালা ভেঙে চুরি হওয়া ১১ ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৫

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফরিদপুরে রেকর্ড রুম (মহাফেজখানা) থেকে চুরি যাওয়া ১২টি ল্যাপটপের মধ্যে ১১টি উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। এ সময় চুরি ও চোরাই ল্যাপটপ কেনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার দিবাগত রাতে শহরের কোর্ট পাড় এলাকায় জেলা প্রশাসনের রেকর্ড রুমের মূল ফটকের কাঠের দরজার কবজা ও ভেতরে অফিসকক্ষের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলা হওয়ার এক দিনের মধ্যে চুরি যাওয়া ১১টি ল্যাপটপসহ এই চোর চক্রের সদস্য, ক্রেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকার সুলতান মুন্সী (২৬), শহরের পূর্ব খাবাসপুর মহল্লার সহিদুল শেখ (২২), শহরের লক্ষ্মীপুর মহল্লার পারভেজ শেখ (২২), ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিনোকদিয়া মহল্লার বাসিন্দা শহরের ধানসিড়ি হোটেলের ওয়েটার মো. লিয়ান শেখ (৩০) ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার উত্তর দৌলতদিয়া মহল্লার শামীম খান (৩০)। সুলতান, সহিদুল ও পারভেজ পেশাদার চোর এবং লিয়ান ও শামীম চোরাই ল্যাপটপের ক্রেতা বলে জানিয়েছে পুলিশ।

চুরির মামলার অগ্রগতি নিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ সুপার বলেন, এই ল্যাপটপ চুরির সঙ্গে জড়িত তিনজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। মাদকের টাকা সংগ্রহ করার জন্যই তাঁরা চুরির পথ বেছে নেন। এর মধ্যে সুলতান মুন্সীর নামে ফরিদপুর কোতোয়ালি থানায় পাঁচটি এবং পারভেজ শেখের নামে ১২টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই মাদকসংক্রান্ত।

আসামি গ্রেপ্তার অভিযানের বর্ণনা দিয়ে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, প্রথমে গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের লক্ষ্মীপুর মহল্লার পারভেজ শেখের বাসা থেকে পারভেজ ও সুলতান মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে সুলতানের দেওয়া তথ্যানুযায়ী শহরের চর কমলাপুর মহল্লায় তাঁর বাড়ি থেকে চারটি ল্যাপটপ, চোরাই মুঠোফোন, চোরাইকাজে ব্যবহৃত একটি সেলাই রেঞ্জ, একটি লোহার হাতুড়ি ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী সহিদুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে শহরের আলীপুর থেকে লিয়ানকে গ্রেপ্তার করা হয় এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এরপর দুটি ল্যাপটপসহ শামীমকে গোয়ালন্দ ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রেকর্ড রুমের নিরাপত্তা জোরদার

পুলিশ সুপারের সংবাদ সম্মেলন চলাকালে সেখানে যোগ দেন রেকর্ড রুমের দায়িত্বে নিয়োজিত ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী ও ল্যাপটপ চুরির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রামানন্দ পাল।

রামানন্দ পাল বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ল্যাপটপ উদ্ধারের পর আমাদের দায়িত্ব কিছুটা কমে গিয়েছে। তবে কীভাবে চুরি সংগঠিত হয়েছে এবং কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিটন আলী বলেন, রেকর্ড রুমে যে সিসি ক্যামেরা ছিল, তার ‘নাইট মুড’ না থাকায় ততটা কার্যকর ছিল না। রেকর্ড রুমের যেসব দুর্বলতা রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গণপূর্ত বিভাগের প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোন কথা বলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। তাঁর কথা লাউড স্পিকারে সাংবাদিকদের শোনানো হয়। জেলা প্রশাসক বলেন, রেকর্ড রুমে নিয়মিত নিরাপত্তাকর্মী ছিল না। এখন থেকে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরার তার কাটা ছিল, তা মেরামত করে সচল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. এমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন, ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আবদুল গফফার এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।

এসআই সুজন বিশ্বাস বলেন, গ্রেপ্তার আসামিদের আজ দুপুরে আদালতে হাজির করা হবে। তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে তাঁদের রিমান্ডের আবেদন জানানো হবে।