শেরপুরে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, কিশোর গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসার শৌচাগার থেকে কাউসার আলী (৮) নামের শিশুটির লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত শিশু কাউসারের বাবা ফরিদ উদ্দিন বাদী হয়ে একই মাদ্রাসার এক কিশোরের নামে শেরপুর থানায় মামলাটি করেন। মামলার পর আটক ওই কিশোরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নিহত কাউসার আলী উপজেলার তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। আর গ্রেপ্তার কিশোর (১৩) একই মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে মাদ্রাসায় নাশতার বিরতির সময় আগের দ্বন্দ্বের জেরে শৌচাগারের সামনে কাউসার আলীর গলায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে ওই কিশোর। এ সময় কাউসার অচেতন হয়ে পড়লে তাকে শৌচাগারে নিয়ে মাথায় পানি ঢালে সে। এরপর সেখান থেকে চলে যায় ওই কিশোর। পরে ওই শৌচাগার থেকে কাউসারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে আটক করা হয়। হত্যা মামলার পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের সময় কাউসারের গলায় দাগ ছিল। লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে লাশটি তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, মামলার পর গতকাল রাতেই ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার কিশোরকে থানা থেকে বগুড়ায় আদালতে নেওয়া হবে।