চট্টগ্রামে নৌকা উল্টে নিখোঁজ ব্যবসায়ীর লাশ পাওয়া গেল ৩৪ ঘণ্টা পর

মুহাম্মদ সাহেদ হোসেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান ও হাটহাজারীর সীমান্তবর্তী এলাকায় হালদা নদীর কাছে একটি শাখা খালে নৌকা উল্টে নিখোঁজ ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে ৩৪ ঘণ্টা পর। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রাউজানের মোকামী পাড়ার ছায়ারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয় লোকজন। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি নিখোঁজ হন।

লাশ উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম মুহাম্মদ সাহেদ হোসেন (৩৭)। তিনি রাউজানের উত্তর পাড়ার বাসিন্দা। তাঁর স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক ছেলে আছে। তিনি ব্যবসায়ী ছিলেন।

উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, ঘটনাস্থল থেকে দূরে স্থানীয় লোকজন নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন।

স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বন্যার পানিতে নিজের খামারের পরিস্থিতি দেখে বাড়ি ফিরছিলেন সাহেদ হোসেন। ফেরার পথে তাঁর নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা সাহেদসহ চারজন স্রোতে ভাসতে থাকেন। তিনজন সাঁতরে পাড়ে আসতে পারলেও সাহেদ নিখোঁজ হন। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন এসে রাত আটটার দিকে উদ্ধার অভিযান শুরু করেন। খোঁজ না পেয়ে দিবাগত রাত ১২টার দিকে তাঁরা উদ্ধার অভিযান স্থগিত করে চলে যান। গতকাল সকাল আটটার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে একটি ডুবুরি দল এসে তল্লাশি অভিযান শুরু করে। দলটি সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের সন্ধান না পেয়ে অভিযান বন্ধ করে চলে যায়।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ ভোরে স্থানীয় লোকজন নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন বলে তাঁরা খবর পেয়েছেন।