
স্যাঁতসেঁতে রান্নাঘরে তেলাপোকার বিচরণ। রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণের জায়গায় আসা-যাওয়া করছে ইঁদুর। এমন অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছিল কাচ্চি, বিরিয়ানিসহ নানা খাবার। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় কাচ্চি ডাইন রেস্তোরাঁয় এমন চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সকালে নগরের চকবাজার এলাকায় কাচ্চি ডাইন চকবাজার শাখায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। এ ছাড়া চকবাজার থানা-পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ, স্যাঁতসেঁতে ফ্লোরসহ নানা অসংগতি দেখা গেছে সেখানে। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে আজ সকালে নগরের চাক্তাই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৭, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।