লিবিয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
লিবিয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে

মানব পাচার চক্রের বিচার চেয়ে মানববন্ধনে আর্তনাদ, ‘কোন জায়গায় গেলে বিচার পাব?’

লিবিয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে ব্যানারের সামনে গিয়ে আর্তনাদ করতে থাকেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামের ভুক্তভোগী মিজানুর রহমান। তিনি বলেন, ‘ও ভাই, কোন জায়গায় গেলে বিচার পাব? সরকার কি দেখছে না? এই মাফিয়ার বিচার করবে কারা? আমারে নিঃস্ব করে ফেলছে।’

মিজানুর নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামের গেন্দু মাতুব্বরের ছেলে। মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁকে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকিয়ে নির্যাতন করে তিন দফায় ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ফরিদপুরের মানব পাচারের একটি মাফিয়া চক্র। এরপরও মুক্তি না পেয়ে ও নির্যাতনের ভয়াবহতা দেখে জানালা ভেঙে পালিয়ে দেশটির পুলিশের হাতে ধরা দেন। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে চলতি বছরে দেশে এসেছেন।

চক্রটির হাতে নির্যাতনের শিকার হয়ে চলতি বছর লিবিয়া থেকে অভিবাসন সংস্থার মাধ্যমে দেশে এসেছেন ১১ জন। তাঁরাও ওই মানববন্ধনে অংশ নেন। স্বামী হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে আসেন হাবিবের স্ত্রী তাসলিমা বেগম। বর্তমানে তিন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

মানববন্ধনে তাসলিমা বেগম বলেন, মুক্তিপণের ১০ লাখ টাকা দিতে না পারায় তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। বর্তমানে তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকছেন। তিনি স্বামী হত্যার বিচার চান।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম বলেন, ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কেউ মামলা করে থাকলে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।