
নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচ লাখ টাকা করে জরিমানা আদায় করে বন্ধ ঘোষণা করা তিনটি ইটভাটা আবার চালু করা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, ইটভাটাগুলো বন্ধ ঘোষণার সপ্তাহখানেক পরই আবার চালু হয়েছে।
ইটভাটা তিনটি হলো শিবপুরের বড়ইতলা এলাকার মেসার্স কে বি এম ব্রিকস, মনোহরদীর হরিনারায়ণপুরের এ এফ টি ব্রিক ফিল্ড ও আরএফএস ব্রিক ফিল্ড।
গত ২৮ নভেম্বর ওই তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশগত ছাড়পত্র দেখাতে না পারায় ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। সম্প্রতি সরেজমিনে ইটভাটা তিনটি চালু থাকতে দেখা গেছে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্ধ ঘোষণার সপ্তাহ পার হতে না হতেই আবার ইটভাটাগুলো চালু করা হয়েছে।
আরএফএস ব্রিক ফিল্ডের মালিক রমিজ উদ্দিন বলেন, ‘না বুঝে এক বছর আগে পুরোনো ইটভাটাটি কিনে নিয়েছিলাম। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এখনো অনুমোদন পাইনি। লোকসান থেকে বাঁচতে ওই অভিযানের পরই মৌখিক অনুমতি নিয়ে আবার ইটভাটা চালু করেছি।’
এএফটি ব্রিক ফিল্ডের মালিক এমদাদুল হক বলেন, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ইটভাটাটি নতুন করে চালু করেছিলেন। অভিযানের কয়েক দিন আগে তাঁরা পরিবেশগত ছাড়পত্রের আবেদনও করেছিলেন। অভিযানের পর তাঁদের ম্যানেজ করে আবারও ইটভাটা চালু করেছেন।
নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, ‘অভিযানের পরও ওই তিন অবৈধ ইটভাটার কার্যক্রম চলছে, এমন তথ্য আমার জানা নেই। পুনরায় চালু করার মৌখিক অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। যদি তা সঠিক হয়ে থাকে, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, মনোহরদী উপজেলায় মোট ২২টি ইটভাটার মধ্যে মাত্র ৮টি বৈধ। বাকি ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে।