
বিজয় দিবসের কুয়াশাভেজা ভোরে শাল-গজারি বনের ভেতর দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা সড়কে দৌড়াচ্ছেন নারী-পুরুষেরা। পাখির কিচিরমিচির আর দুই পাশের দৃষ্টিনন্দন সবুজের সমারোহ স্বাগত জানাচ্ছিল তাঁদের। এর মধ্য দিয়েই লক্ষ্যের দিকে ছুটে যাচ্ছিলেন তাঁরা।
আজ শুক্রবার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর-কাপাসিয়া সড়কে এই দৃশ্যের দেখা মেলে। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ ক্যাম্পাস থেকে এই হাফ ম্যারাথনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্পেশাল রেসপন্স টিম (এসআরটি)। এই দৌড় প্রতিযোগিতায় ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটারের ৩টি শ্রেণিতে বাংলাদেশসহ ৪ দেশের মোট ৫৭১ জন দৌড়বিদ অংশ নেন। পুরো আয়োজনের দেখভালে ছিলেন ১১০ জন স্বেচ্ছাসেবী।
আজ সকালে এই ম্যারাথন ট্র্যাকে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট দূরত্বে কম্পিউটার নিয়ন্ত্রিত রানার ট্র্যাকার স্থাপন করা আছে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লে আছে পানি কিংবা জুস পানের ব্যবস্থা, অসুস্থ হয়ে পড়লে আছে চিকিৎসা নেওয়ার সুযোগ।
হাফ ম্যারাথনের প্রধান সমন্বয়কারী মো. তুহিন আহমেদ প্রথম আলোকে বলেন, এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ চীন, জাপান ও ভারতের দৌড়বিদেরা অংশ নিয়েছেন। ২১ কিলোমিটারের পুরুষ বিভাগে প্রথম হয়েছেন আশরাফুল আলম, দ্বিতীয় হয়েছেন মো. ইমরান হাসান ও তৃতীয় হয়েছেন মো. রহিম উদ্দিন। ২১ কিলোমিটারের নারী বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মোসা. সামিয়া, রোজেনা পারভীন ও আয়েশা মুন্নি। এ ছাড়া ১০ কিলোমিটারের পুরুষ ও নারী, ৪৫ বছর বা এর বেশি বয়সভিত্তিক শ্রেণিতে আরও ৯ জনকে পুরস্কার দেওয়া হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন।
হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন ঢাকা থেকে যাওয়া দৌড়বিদ সোহেল মোহাম্মদ শাহজামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘শাল-গজারি বনের ভেতরের রাস্তার পরিবেশটা চমৎকার ও দৃষ্টিনন্দন ছিল। সব মিলিয়ে এই প্রতিযোগিতা একটি দারুণ অভিজ্ঞতা দিয়েছে। বাংলাদেশের বিশেষ একটি দিনে এতে অংশ নিয়ে ভীষণ ভালো লাগছে।’
রাজধানীর বাংলাদেশ মাউনটেনিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব (বিএমটিসি) থেকে ১০ কিলোমিটার শ্রেণিতে অংশ নিয়েছেন চিকিৎসক শাহনাজ আক্তার। তিনি জানান, দেশের বিভিন্ন ম্যারাথনে তিনি অংশ নেন। তবে শ্রীপুরে বানার নদের পাশে বনভূমিসমৃদ্ধ পরিবেশে এমন ম্যারাথন বিচিত্র অভিজ্ঞতা দিয়েছে। তিনি বলেন, ‘কুয়াশাভেজা ভোরে যখন দৌড়াচ্ছিলাম, আশপাশের মানুষজন দারুণ উৎসাহ জুগিয়েছেন। আয়োজনটি ভালো লেগেছে।’