রান্নাঘরে দেশলাই জ্বালাতেই হঠাৎ আগুন, দুই সন্তানসহ দম্পতি দগ্ধ

আগুন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিলিন্ডার লিকেজ হয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুনে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডওহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন ডওহরগাঁও এলাকার কারখানাশ্রমিক মো. জাহিদ হাসান (৪০), তাঁর স্ত্রী রুমা বেগম (২৭), মেয়ে লাবণী আক্তার (১১) ও ছেলে মো. ইয়াসিন (৮)। জাহিদ হাসানের শরীরের ২৯ শতাংশ, রুমার ২৩ শতাংশ, লাবণীর ২২ শতাংশ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা এস এম আইউব হোসেন।

জাহিদ হাসানের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। রুমা বেগম গৃহিণী। লাবণী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ও মো. ইয়াসিন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে রুমা বেগম বলেন, তাঁরা ডওহরগাঁও এলাকায় একটি দুইতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। প্রতিদিনের মতো আজ সকাল ছয়টার দিকে তিনি ঘুম থেকে উঠে রান্নাঘরে যান। রান্নাঘরে দেশলাই জ্বালাতেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। তাঁর চিৎকার শুনে এগিয়ে আসা স্বামী ও দুই সন্তানও দগ্ধ হন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরে জমে ছিল। ওই নারী রান্না করার জন্য দেশলাই জ্বালানোর পর ঘরে আগুন ধরে যায়।