
সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী সেজে বসে ছিলেন তিন পুরুষ ও এক নারী। পেছনের আসন খালি থাকায় তাঁদের সঙ্গে ওঠেন এক শিক্ষিকা। কিছু দূর যাওয়ার পর চালক গন্তব্যের সড়ক ছেড়ে অন্য সড়কে ঢুকে পড়েন। এর প্রতিবাদ করলে গামছা দিয়ে ওই শিক্ষিকার মুখ বেঁধে ফেলা হয়। এরপর অটোরিকশার দুই পাশের পর্দা নামিয়ে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর হাত, আঙুল, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।
গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের আফজাল সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম লক্ষ্মী রানী নাথ। তিনি উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ছিনতাইয়ের পর তাঁকে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন মো. মামুন (২৪), নুরুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ রাজু (২২)।
লক্ষ্মী রানীর ছেলে তপন মজুমদার জানান, তাঁর মা চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারির কাছে যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন। একপর্যায়ে অটোরিকশাটি গন্তব্যের সড়ক ছেড়ে অন্য সড়কে ঢুকে পড়ে। কোথায় নেওয়া হচ্ছে, জানতে চাইলে দুর্বৃত্তরা তাঁর মায়ের মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে তাঁকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তিনি সাঁতার জানেন না বলে আকুতি জানান। পরে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে তাঁকে সড়কের পাশের বাগানে ফেলে দেওয়া হয়।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় লক্ষ্মী রানী নাথকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর সহকর্মী শিক্ষক আবুল হাসনাত বলেন, ছিনতাইকারীরা লক্ষ্মী রানীকে মারধর করেছে। তাঁর দুটি চোখ ফুলে গেছে। চোখের পাতা কালো হয়ে রয়েছে। মুখেও জখম হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন। তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিক্ষিকাকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।