
পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতারা। শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের ঠেকাতে প্রয়োজনে ‘জীবনের শেষ রক্তবিন্দু’ দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নৈরাজ্যের প্রতিবাদ এবং সীমান্ত দিয়ে তাঁদের অনুপ্রবেশ ঠেকানোর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন স্থানীয় বিএনপির নেতারা। আজ শনিবার বিকেলে ভোমরা স্থলবন্দরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম (হাবিব) বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাঁকে প্রতিহত করা হবে।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকারের সময় ২০০২ সালে ভোমরাকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। তখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। পৃথিবীর কোনো শক্তি শেখ হাসিনাকে ভোমরা দিয়ে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে পারবে না বলে উল্লেখ করেন হাবিবুল ইসলাম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার তৈরি এই ভোমরা স্থলবন্দর। এই জায়গাকে অপবিত্র করতে দিতে পারি না।’
আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার দিবাস্বপ্ন দেখছে বলে উল্লেখ করেন সমাবেশের সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমাতুল্লাহ। তিনি বলেন, ‘সরকার ফেলে দেওয়ার দিবাস্বপ্ন দেখবেন না। সাতক্ষীরা সীমান্তে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে তাঁদের শুধু প্রতিহতই নয়, ধ্বংস করে দেওয়া হবে।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ, সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান।
আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি ও মনিরুজ্জামান, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক সদস্যসচিব আতাউর রহমান, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ও সদস্যসচিব শরিফুজ্জামান সজীব এবং জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মীর্জা অর্ঘ্য।
শেখ হাসিনা ভোমরা সীমান্ত দিয়েই দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন, এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না, এমন প্রশ্নে জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ প্রথম আলোকে বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যেকোনো সীমান্ত দিয়েই প্রবেশের চেষ্টা করতে পারেন। তবে আমাদের সীমান্তের দায়িত্ব আমরা নিয়েছি। এ কারণেই বলা হয়েছে, ভোমরা সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’
এদিকে আজ সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এ সময় তিনি সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।