টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহর ও ভোমরা স্থলবন্দরে জলাবদ্ধতা

বুধবার তিন ঘণ্টায় ৫৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শুক্রবার ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

অতিবৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকার সড়ক পানিতে ডুবে আছে। গতকাল সাতক্ষীরা রাজারবাগান এলাকায়
ছবি: প্রথম আলো

টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চল ও ভোমরা স্থলবন্দর এলাকা প্লাবিত হয়েছে। পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা না গড়ে ওঠায় গত বুধ ও শুক্রবার এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড়ির আশপাশ ও সড়কে পানি জমে থাকায় সদর উপজেলাসহ পৌরসভার বিভিন্ন এলাকার হাজারো মানুষ দুর্ভোগ পড়েছে।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলা ও পৌরসভার ইটাগাছা, কামালনগর, কুকরালি, বাঁকাল, রসুলপুর, মেহেদিবাগ, মধুমোল্লাডাঙ্গী, পলাশপোল, রথখোলা, পুরাতন সাতক্ষীরা, রাজারবাগান, বদ্দিপুর কলোনি, ঘুড্ডিরডাঙ্গির নিচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে আছে। কোনো কোনো এলাকা পরিকল্পিতভাবে নালা নির্মাণ না করায় এবং কোনো কোনো এলাকায় একেবারেই নালা না থাকায় পানি সরছে না। এসব এলাকার বাসিন্দাদের ঘরে পানি না উঠলেও বাড়ির আঙিনা পানির নিচে। তলিয়ে গেছে রাস্তাঘাট।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৫৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি বছর মাত্র তিন ঘণ্টায় এত বৃষ্টি জেলায় আর হয়নি। গত শুক্রবার সকাল থেকে কখনো মুষলধারে আবার কখনো আস্তে আস্তে বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকার বাসিন্দা জিয়াউর রহমান জানান, শুক্রবার সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বৃষ্টিতে ভোমরা স্থলবন্দর এলাকা তলিয়ে যায়। এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তিন ঘণ্টার বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে স্থলবন্দর এলাকায়। বন্দর এলাকার পানিনিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়।

সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার আবদুল কাদের বলেন, বুধ ও শুক্রবারের বৃষ্টিতে তাঁর বাড়িসহ এলাকার সব বাড়ির আঙিনায় পানি উঠেছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে পানি বাড়িঘরে ঢুকে পড়তে পারে। এতে তাঁরা আশ্রয়হীন হয়ে পড়বেন। পৌরসভায় পানিনিষ্কাশনের জন্য পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে না তোলায় মানুষ বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় ভুগছেন।

সাতক্ষীরা জজকোর্টের পেছনের এলাকার বাসিন্দা তপন কুন্ডু বলেন, তাঁদের এলাকার অধিকাংশ এলাকা ডুবে গেছে। সড়কের ওপর হাঁটুসমান পানি উঠেছে। পানিনিষ্কাশন না হলে আর বৃষ্টি হলে ঘরে পানি উঠবে।

সাতক্ষীরার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম বলেন, বৃষ্টির পানি সহজে নিষ্কাশন করার জন্য পৌরসভার অর্ধেক এলাকার ড্রেন পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থা উন্নত ও নতুন করে ড্রেন নির্মাণ করার জন্য কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু পৌরসভার নানা জটিলতায় ওই সব প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না।