
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাসার শৌচাগারের দরজা ভেঙে কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার তারাকান্দি এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। শৌচাগারে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার ও পুলিশ।
লাশ উদ্ধার হওয়া তরুণের নাম আনোয়ার সিফাত (২০)। তিনি ঢাকার তেজগাঁও কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম ফজলুল হক।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তারাকান্দি এলাকায় পরিবার নিয়ে ফজলুল হক ভাড়া বাসায় থাকতেন। আনোয়ার সিফাত কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। গত বুধবার বিকেলে সিফাতকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান ফজলুল হক ও তাঁর স্ত্রী। গত বৃহস্পতিবার সিফাতের মা-বাবা মুঠোফোনে যোগাযোগ করে ছেলের সাড়া পাননি। গতকাল দিনের বেলায় দফায় দফায় সিফাতের মুঠোফোনে কল করেও যোগাযোগ করতে পারেননি তাঁর মা-বাবা। পরে রাত আটটার দিকে তাঁরা বাসায় ফিরে দেখেন, বাসার দরজা ভেতর থেকে লাগানো। তাঁরা বিষয়টি তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশকে জানান। পুলিশ এসে প্রথমে বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকেন। দেখা যায়, শৌচাগারের দরজা বন্ধ। পরে শৌচাগারের দরজা ভেঙে সিফাতের লাশ উদ্ধার করা হয়।
সিফাতের বাবা ফজলুল হক বলেন, তাঁর ছেলে শৌচাগারে পড়ে গিয়ে মারা গেছেন। ছেলে ছাড়া এখন তিনি কী নিয়ে বাঁচবেন?
তারাকান্দি পুলিশি তদন্ত কেন্দ্রের পরিদর্শক সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগ না থাকায় ওই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ শৌচাগারে পড়ে গিয়ে সিফাত মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।