বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠনের দাবি

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠনের দাবিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্মারকলিপি। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

সপরিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিশন গঠনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহসভাপতি শাহীন আকতার, অধ্যক্ষ শফিকুর রহমান, মাহফুজুল আলম, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, আহাসানুল হক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রবিউল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান, উপদপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপপ্রচার সম্পাদক সিদ্দিক আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, তিনি একটি স্মারকলিপি পেয়েছেন। আজ বুধবার যথাযথ প্রক্রিয়া মেনে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর ব্যবস্থা করবেন।

স্মারকলিপিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৈশোর থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনের বর্ণনা দেওয়া হয়েছে। এতে শোষিত-বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর ত্যাগের মহিমা তুলে ধরা হয়। এ ছাড়া ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচার ও কয়েকজন আসামির রায় কার্যকরের ঘটনা উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, আগস্টের নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যের নীলনকশা প্রণয়নকারী ও কুশীলবদের মুখোশ উন্মোচন করে তাঁদের বিচারের মুখোমুখি করলেই কেবল বঙ্গবন্ধু হত্যার পাপ থেকে দায়মুক্তি পেতে পারে দেশ। এ জন্য রাজশাহী মহানগর আওয়ামী লীগ ’৭৫-এর নির্মম হত্যাকাণ্ডের কুশীলবদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিশনের দাবি করছে।

স্মারকলিপিতে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার স্বাক্ষর করেছেন।