কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে দোকান থেকে তুলে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার হ্নীলা বাজারে এ ঘটনা ঘটে।
সাবেক ওই ইউপি সদস্যের নাম জামাল উদ্দিন (৪০)। তিনি হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গতকাল রাতে পাঁচ থেকে সাতজন মুখোশ পরা অস্ত্রধারী ব্যক্তি তাঁকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে তুলে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়। পরে কুপিয়ে জখম করে হ্নীলা দরগাহ এলাকায় ফেলে যাওয়া হয় তাঁকে। তাঁর হাঁটুতে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয় মানুষের অভিযোগ, হ্নীলার পাহাড় ও রোহিঙ্গা শিবির–সংলগ্ন এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও মাদক চক্রের সদস্যরাই এ হামলার সঙ্গে জড়িত। তাদের সঙ্গে পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র ছিল। তারা কয়েকটি ফাঁকা গুলিও ছুড়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেছেন, ‘হ্নীলায় সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে তুলে নিয়ে মারধরের বিষয়টি শুনেছি। কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’