ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে নারী–শিশুসহ অজ্ঞাতনামা চারজনের লাশ উদ্ধারের ছয় দিন পেরিয়ে গেলেও এখনো তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশগুলো পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।
হাসপাতালের মর্গ সূত্র জানায়, গত শনিবার চারজনের লাশ মর্গে নিয়ে আসা হয়। গত রোববার চারটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে এখন পর্যন্ত তাঁদের বিষয়ে কেউ খোঁজ নিতে আসেনি।
নৌ পুলিশের বরিশুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে দেশের সব থানায় বার্তা ও লাশের ছবি পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁরা পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, লাশগুলো মর্গ কর্তৃপক্ষের জিম্মায় আছে। দাফনের বিষয়টি তাঁরা দেখবেন।
শনিবার দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ডস্টোরেজ এলাকার তীর থেকে ভাসমান অবস্থায় এক নারী ও এক ছেলেশিশুর লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা–পুলিশ। নারীর আনুমানিক বয়স ৩০ বছর ও শিশুটির বয়স তিন থেকে চার বছর হবে বলে পুলিশের ধারণা। ওই নারীর গলায় কালো কাপড় ও শিশুটির লাশ ওড়না দিয়ে প্যাঁচানো ছিল। নারীর পরনে ছিল সালোয়ার–কামিজ।
একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকা থেকে আরও দুই তরুণ–তরুণীর লাশ উদ্ধার করে বরিশুর নৌ পুলিশ। তাঁদের হাত একসঙ্গে বাঁধা ছিল। তরুণের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার। আর তরুণীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি। এ ঘটনায় রোববার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়। মামলা দুটি তদন্ত করছে নৌ পুলিশ।