
চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার নৌযানে (ফিশিং ভেসেল) অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় নাবিক দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত তিন নাবিককে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সদরঘাট নৌ থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ২টার দিকে এফভি দেশ নামের নৌযানটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করে। আজ বেলা পৌনে ১টার দিকে নৌযানের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে নৌযানের প্রকৌশলী আশিকুজ্জামান তামিম (২২), নাবিক মো. রুবেল (৩২), শাহ আলম (৪০), নিজাম উদ্দিন (৩৭), মো. রাসেল (৩৫) ও ছিদ্দিক আহমেদ (৫০) দগ্ধ হন।
এ ঘটনার পর নৌযানটির আহত সাতজন নাবিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে আসেন। একজন প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে যান। অন্য ছয়জনকে ভর্তি করা হয়। এর মধ্যে প্রকৌশলী আশিকুজ্জামান, নাবিক রুবেল ও শাহ আলমের শরীরের শতভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্য তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকায় পাঠানো তিনজনের অবস্থা গুরুতর বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকায় পাঠানো তিনজনের শরীর ও শ্বাসনালির শতভাগ পুড়েছে। নাবিক নিজাম, রাসেল ও ছিদ্দিকের শরীরের ২ থেকে ৫ শতাংশ পুড়েছে। তাঁদের চিকিৎসা চলছে।