
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন পিকআপটির আরও দুই যাত্রী। আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপের চালক মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন এলাকার আবদুর রব ব্যাপারীর ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২) ও বরিশাল জেলার বানারীপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর ছেলে মো. সোহেল (৩৮)।
আহত দুজনের নাম মো. আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান (৩৫)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি পিকআপ থামানো ছিল। এ সময় এনা পরিবহনের চট্টগ্রামমুখী একটি বাস পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদ আলম ও মো. হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহেল নামের আরেকজন মারা যান।
পুলিশ জানায়, পিকআপের চালক ছাড়া নিহত ও আহত ব্যক্তিদের সবাই জাহাজে কাজ করতেন। ঢাকা থেকে পিকআপে করে চট্টগ্রামে জাহাজ মেরামতের কাজ করতে যাচ্ছিলেন তারা।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।