ময়মনসিংহ সদরে জমিসংক্রান্ত বিরোধে সুলতান মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার খাগডর ইউনিয়নের তারাগাঁয় গ্রামে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সুলতান উদ্দিনের বিক্রি করা জমি নিয়ে চাচাতো ভাই মিরাজ আলীর সঙ্গে বিরোধ চলছিল। মিরাজ ওই জমি নিজের দাবি করে বিক্রি করতে বাধা দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় দুই পক্ষ ওই জমি নিয়ে আবারও ঝগড়ায় জড়ায়। ঝগড়ার এক পর্যায়ে মিরাজ আলী ও তাঁর ছেলেরা সুলতান মিয়াকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন সুলতান মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, গতকাল রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনার খবর পায়। জমি নিয়ে বিরোধে হত্যাকাণ্ড ঘটে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, কাউকে আটক করা যায়নি।