নরসিংদীর মনোহরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে
নরসিংদীর মনোহরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে

আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে নাগরিকদের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘এটি একটি বিজ্ঞানসম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন, সব রেকর্ড থাকবে। দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।’

আজ বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৮২ জন দুস্থ ও দরিদ্র মানুষকে এ মানবিক সহায়তা দেওয়া হয়।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতি মাসে সারা দেশে এই কার্ড বিতরণ করা হবে। কৃষকের কৃষিঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করা হয়েছে। এ ছাড়া আগামী মাসে কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে আমরা প্রতিটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ করছি, যাতে জনগণের উপকার হয়।’

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার প্রমুখ।