সৌদি আরবে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গতকাল রোববার রাতে বিষয়টি জানতে পারে তাঁর পরিবার।
ওই ব্যক্তির নাম সোবাহান খাঁ (৪২)। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পরিবার মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকে। তাঁর স্ত্রী ও পাঁচ ছেলেমেয়ে আছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে নির্বাক সোবাহানের স্ত্রী মরিয়ম বেগম।
স্বজন ও এলাকাবাসী জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে যান সোবাহান। ৭ এপ্রিল তিনি সৌদির রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। ওই ভবনের লিফট থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে রিয়াদের আল–জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে মারা যান সোবাহান। গতকাল রোববার রাতে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার।
সোবাহানের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘পাঁচ ছেলেমেয়ে নিয়ে আমি এখন নিরুপায়। তাদের ভরণপোষণ কীভাবে জোগাব, জানি না। পরিবারকে একটু ভালো রাখতে আমার স্বামী বিদেশে গেছিল। কিন্তু বিদেশ গিয়ে আমার সব শেষ হয়ে গেল। স্বামী ছাড়া আমাদের দেখার কেউ নাই। সরকার যদি সহযোগিতা না করে, তাহলে বেঁচে থাকা কঠিন হয়ে যাইবে। সরকারের মাধ্যমে আমার স্বামীর লাশ দেশে আনার অনুরোধ জানাই।’
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্দেশনা পেলে ওই প্রবাসীর লাশ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করা হবে। এ ছাড়া তাঁর পরিবারের পাশে থাকার চেষ্টা করবে জেলা প্রশাসন। পরিবার আমাদের কাছে আবেদন করলে আমরা সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করব।’