স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক যুবলীগ নেতাকে পুলিশে দিল এলাকাবাসী

ধর্ষণ
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুস সালাম (৪৬) নামের যুবলীগের সাবেক এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গতকাল রোববার রাত আটটার দিকে তাঁকে পুলিশে দেওয়া হয়। রাতেই তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার ওই যুবলীগ নেতাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুস সালাম নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর মহল্লার বাসিন্দা। তিনি নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি। আবদুস সালাম পেশায় দলিল লেখক।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক প্রথম আলোকে বলেন, আবদুস সালাম উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে দলে তাঁর কোনো পদ নেই।

মামলায় উল্লেখ করা হয়, আবদুস সালাম স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে গতকাল সন্ধ্যায় ওই কিশোরীকে কৌশলে ফাঁকা বাড়িতে ডেকে এনে ধর্ষণ করেন তিনি। এ সময়  স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে আটকে পুলিশে খবর দেন। রাত আটটার দিকে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগে মেয়েটির মা বাদী হয়ে গতকাল রাতে নন্দীগ্রাম থানায় মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় আবদুস সালামকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের নেওয়া হয়। এ সময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।