
যশোরের মণিরামপুর উপজেলা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ উপজেলার জয়নগর এলাকার ইটভাটার পাশের একটি কলাবাগান থেকে হাত বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। পুলিশ তাঁর নাম ও পরিচয় জানতে পরেনি। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর।
স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার জয়নগর ইটভাটার পাশের একটি কলাবাগানে হাত বাঁধা অবস্থায় এক নারীর লাশ পড়ে ছিল। তাঁর পরনে লাল শাড়ি ছিল। স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী বলেন, ওই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, গতকাল সন্ধ্যার পরপর ওই নারীকে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। ওই নারীর নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।